ঢাকা রোববার ১৫ নভেম্বর ২০২৬ ৩০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা আগামীকাল রবিবার শুরু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৫৭ পি.এম
মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা আগামীকাল রবিবার শুরু
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরায় রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উৎসব। সনাতন সম্প্রদায়ের পূজা হলেও এটি মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন প্রাণের উৎসবে রূপ নেয়। এ উৎসব উপলক্ষে ইতোমধ্যেই সারা শহর সেজেছে বর্ণিল সাজে। শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল। মন্দিরসহ সারা শহরে তৈরি করা হয়েছে আলোকসজ্জা। মন্দিরগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের স্থাপত্যকলার আদলে।

জেলায় এ বছর মোট ১০৬টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে পূজার মূল আকর্ষণ থাকবে পৌরসভা এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপে। এ কারণে শহরকে ঘিরে জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রতিবছর শারদীয় দুর্গাপূজার এক মাস পরই ঝাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ১৫-২০ নভেম্বর ৫ দিনব্যাপী এ পূজা শেষ হলেও শহরের নতুন বাজার ও ছানার বটলায় মেলা চলবে আরও ৭ দিন। যেখানে থাকবে বিভিন্ন ধরনের ফার্নিচারসহ নানা সামগ্রী, পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন। দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও এ মেলায় অংশ নিতে ইতোমধ্যেই পসরা সাজিয়ে বসেছেন।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি কনক কান্তি সাহা জানান, ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালী এলাকার জনৈক সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজা শুরু করেন। পেশায় তিনি ছিলেন মুদি দোকানি। সেই থেকেই জেলার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে এ পূজা। ৮০ দশকেও এ পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালী, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুলতলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত চার যুগে এর ব্যাপ্তি যেমন বেড়েছে, সংখ্যাও বেড়েছে অনেক। যার আয়োজন সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে পরিচিত দুর্গাপূজার আমেজকেও ছাড়িয়ে গেছে।

শাস্ত্রমতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের আগে গোপবালা বৃন্দ তীরে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী, পুত্র হিসেবে আরাধনা করতেন। তাদের এক মাসব্যাপী আরাধনা শেষে যমুনা নদীর তীরে বালু দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে পূজা দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার প্রথা থেকেই কাত্যায়নী পূজা হিসেবে চিহ্নিত হতো। যার সময়কাল ছিল কার্তিক ও অগ্রহায়ণ মাস। প্রতিমা স্থাপন থেকে শুরু করে দুর্গাপূজার আদলেই সবকিছু করা হতো। তবে অতিরিক্ত হিসেবে দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়। যার অর্থ দেবী দুর্গার আরাধনার মাধ্যমে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া। যেটি কাত্যায়নী পূজার ধর্মীয় যোগসূত্র।

মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস চঞ্চল প্রতিবেদককে জানান, কাত্যায়নী মহামায়ার মহাযোগিনীশক্তি। এটা কাত্যায়নী পূজা নয়, কাত্যায়নী ব্রত। এক মাসব্যাপী ব্রজাঙ্গণাগণ অনাদিরাধী গোবিন্দকে প্রাপ্তির জন্য এ ব্রত করেছিলেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এ উৎসব উদযাপন করা হয়। মাগুরা জেলায় প্রথম এ উৎসবের উদ্ভব করেন অগণিত ভক্তবৃন্দ। এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকেও ভক্তরা মাগুরায় আসেন। এবারের পূজায় ব্যাপকতা, নতুন থিম ও নতুন আয়োজনের মাধ্যমে সবাই সেজেছেন। এ উৎসবের পৌরাণিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরণ্য প্রতিমা শিল্পী উজ্জ্বল অধিকারী জানান, আধুনিকতার উৎকর্ষে সম্পূর্ণ নতুন থিম—জন্ম থেকে মৃত্যু রহস্য।

ছানাবাবুর বটলার সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, মাগুরাসহ দেশবাসীকে শ্রীশ্রী কাত্যায়নী পূজা ও জগদ্ধাত্রী পূজা শান্তিপূর্ণ পরিবেশে দেখার নিমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিমা শিল্পী সন্দীপ রায় জানান, বাগেরহাট ও নড়াইল সম্মিলিতভাবে আধুনিকায়নের একটি সৌন্দর্যময় প্রতিমা তৈরি করছি। এটি মায়ের পূর্ণ আবির্ভাব থেকে এসেছে এবং এর মধ্যে ভিন্নতা রয়েছে।

নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কনক কান্তি সাহা বলেন, মাগুরার ঐতিহ্য মাগুরার কাত্যায়নী পূজা। সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থস্থান এ বছরের ব্যাপকতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

মাগুরা পুলিশ সুপার মোল্যা মো: আজাদ হোসেন জানান, কাত্যায়নী পূজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য শহরে পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া মণ্ডপগুলোর আশপাশের এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সর্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা রাখা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, কাত্যায়নী পূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও গত চার দশকে এটি মাগুরার সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। যেখানে সকল সম্প্রদায়ের মানুষ সানন্দে অংশ নিয়ে থাকে।