কচুয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রফেসর নন্দকিশোর সাহার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি আমির সালমান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব স্বপন কুমার মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ, অর্থ সম্পাদক শিক্ষক রথীন্দ্রনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মনোজ কুমার সাহা, নিলয় কিশোর সাহা, আশীষ কুমার বিশ্বাস, মাধবী রানী শীল, গৌতম গোপাল সাহা, প্রভাত চন্দ্র সাহা, আঁখি সাহা ও অনুপা হালদারসহ উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় মন্দিরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মন্দির কমিটির সভাপতি আমির সালমান রনি তার বক্তব্যে বলেন, "মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান তৈরি করে পর্যায়ক্রমে কাজ এগিয়ে নিতে হবে। আমি আমার সাধ্যমতো আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।"
