কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত উপপরিচালক (কৃষি) বনি আমিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা সীমিত হওয়ায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ তাঁদের চাষাবাদে উৎসাহিত করবে।
বক্তারা আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে চলতি রবি মৌসুমে কালিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
