কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে ‘কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার তরুণ সমাজের উদ্যোগে আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় কচুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৯ নং ওয়ার্ড ২-০ গোলে ৮ নং ওয়ার্ডকে পরাজিত করে শুভ সূচনা ও জয় লাভ করে। ম্যাচটিতে নিখুঁত ও নিরপেক্ষ বাঁশি বাজিয়ে খেলা পরিচালনা করেন রেফারি হিসেবে প্রফেসর সোহেব চৌধুরী, মোঃ সেলিম রেজা ও মোহাম্মদ গাউসুল আজম।
এর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি। কচুয়া সদর ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ রায়হান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী পর্বে এলাকার ক্রীড়ামোদী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল মামুন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: শেখ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, হাজরা আসাদুল ইসলাম পান্না, এবং বিএনপি নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান মাসুম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু, বিশিষ্ট ক্রীড়াবিদ দিদার মজিবুর রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ নাজমুল হক নাদিম, ক্রিয়া সংস্থার সদস্য ও তরুণ সমাজ নেতা শেখ সুজন ও খান সুমনসহ কচুয়ার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং সুসংগঠিত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে মোট কয়েকটি ওয়ার্ডের দল অংশগ্রহণ করছে।
