কলারোয়ায় জাতীয় যুব দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, জামায়াত নেতা আব্দুর রকিব, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, সাজেদা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লতিফা আক্তার, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ রেজাউল হক। অনুষ্ঠানে ১ লক্ষ টাকা করে ৯ জনের মধ্যে যুবঋণে চেক বিতরণ এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে সাজেদা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লতিফা আক্তারসহ ৩ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
ছবি আছে:
কলারোয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন একশ রোগী
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা।
