কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত: সনদ ও চেক বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কচুয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনির সভাপতিত্বে এবং কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমীর বরন পাইকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা কৃষি অফিসার আকাশ কুমার বৈরাগী, যুব উন্নয়ন অফিসার মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমীর মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এসময় যুব প্রতিনিধি, সফল যুব উদ্যোক্তা এবং বিভিন্ন প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ সনদপত্র এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
