আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণ সভা
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সদ্য প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
হয়েছে। রোববার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমপ্লেক্স ভবনের হলরুমে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার তাজ, মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার সন্তান বরিশাল আইনজীবী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড. জাহিদুল ইসলাম পান্না প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, মুক্তিযোদ্ধা প্রজন্ম, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান ও সাহসিকতা তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান, পেশাগত সততা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারনে তিনি সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।
