ঢাকা সোমবার ০২ নভেম্বর ২০২৬ ১৭ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫১ এ.এম
খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক একক অভিনয় প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেছে নড়াইলের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বিশ্বাস। অসামান্য এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দিয়েছেন মোঃ জিন্নাতুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রোববার (১ নভেম্বর ) সুমাইয়া বিশ্বাসকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সুমাইয়া নড়াইলের মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক ‘রাক্ষসী’ গল্পের ‘বিন্দি’ চরিত্রে একক অভিনয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে। খুলনা বিভাগের ১০টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে তার এ সাফল্য অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়।

সুমাইয়া বিশ্বাস নড়াইলের দক্ষিণ খাশিয়াল গ্রামের বাসিন্দা। তার বাবা ফরিদ বিশ্বাস এবং মা লাবলী বেগম। তার এ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সুমাইয়া। ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিজের মেধা, প্রতিভা, অধ্যবসায় ও অভিনয়শৈলীর মাধ্যমে জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে সুমাইয়া। তার এই অর্জন নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

কৃতী শিক্ষার্থী সুমাইয়া বিশ্বাসের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার হাত ধরেই জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল হোক নড়াইল ও খুলনা বিভাগের নাম।