হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে খুলনায় আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে শতাধিক তরুণদের অংশগ্রহণে মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টায় আঞ্চলিক ইয়ুথ কনফারেন্স বা আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে বক্তাদের কথায় শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার রাখার তাগিদ উঠে আসে। বিশেষ করে, সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার রোধে তরুণদের ভূমিকা ও স্বার্থান্বেষী মহলের অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হওয়ার তাগিদ দেন।
খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এই তরুণ শান্তি সহায়ক সম্মেলনের সূচনা হয় পবিত্র ধর্মীয়গ্রন্থগুলো থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে। পরে তরুণ শান্তি সহায়ক সদস্যরা উপজেলা ভিত্তিক গ্রুপে ভাগ হয়ে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিতে বিগত সময়ে কি ভূমিকা রেখেছেন ও ভবিষ্যতে কি করবেন তার একটি কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপন করেন।
সম্মেলনে হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে প্রধান অতিথি, ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগের পরিচালক মহিউদ্দিন মজুমদারের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ইমামরা যেনো ভূমিকা রাখেন সে বিষয়ে প্রস্তাব দেয়া হয়। প্রধান অতিথি এ বিষয়ে আশ্বস্ত করে বলেন, শ্রীঘ্রই তিনি এ বিষয়ে ইমামদের চিঠি দিবেন। প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মজুমদার বলেন, ইসলাম কখনই উগ্রবাদ সমর্থন করে না। যারা দেশের ভালো চায় না তারা নানা ভাবে ষড়যন্ত্র করে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবদুল কাদের বলেন, বেকারত্ব তরুণ, যুবকদের নেশা, অপরাধ ও সহিংসতার দিকে ঠেলে দেয়। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জনের সুযোগ নেয়ার আহ্বান জানান তিনি।
আরেক বিশেষ অতিথি সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে তার অধিদপ্তরের পক্ষ নানাবিধ গৃহীত উদ্যোগের কথা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
আঞ্চলিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর, আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ও পিএফজি সদস্যরা। আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা শান্তি সহায়ক সদস্য শাহানাজ ইসলাম।
উল্লেখ্য, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রশমণ ও প্রতিরোধ করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে সহযোাগিতা করছে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্প। যুক্তরাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এমআইপিএস কর্মএলাকা অর্থাৎ ২৭টি জেলার ৭৪টি উপজেলায় কাজ করছে উপজেলাভিত্তিক ৩০ সদস্য বিশিষ্ট শান্তি সহায়ক দল বা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা করছে ২০ সদস্য বিশিষ্ট তরুণ শান্তি সহায়ক দল বা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ-ওয়াইপিএজি। আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলনে এদিন অংশ নেন খুলনা বিভাগের ১১টি উপজেলার পিএফজি ও ওয়াইপিএজির ১২০ জন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা।
