আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, শামসুল হক খোকন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম প্রমুখ।
কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
