কলারোয়া সীমান্তে ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ ভিতরে ভাদিয়ালি নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
একই সময়ে মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ ভিতরে তেতুলতলা নামক স্থান থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। পৃথক অভিযানে মোট ৮ লাখ ২০ হাজার টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান সাংবাদিকদের কাছে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
