ঢাকা শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ ১৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাদকমুক্ত মডেল চরকালেখান ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৪৪ এ.এম
মাদকমুক্ত মডেল চরকালেখান ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে ব্যাপক গণসংযোগ এবং মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন সাংবাদিক ও কলামিস্ট মো. নুরুল হক খান। 

চরকালেখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম আব্দুল লতিফ খানের মেঝো ছেলে সমাজ সেবক নুরুল হক খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করে আসছেন। গণসংযোগকালে নুরুল হক খান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে অতীতের ন্যায় তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সাথে এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেন। ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

একান্ত সাক্ষাৎকালে মো. নুরুল হক খান বলেন, আমার এলাকার জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি চরকালেখান ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই, এই ইউনিয়নের মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করবেন, তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা পাবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে জবাবদিহিতা ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। 

তিনি আরও বলেন, আমি বিগত দিনেও চরকালেখান ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

নুরুল হক খান বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। এলাকার সাধারণ মানুষ যেন তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেন এবং যথাযথ সহযোগিতা পান, সে ধরনের জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

তিনি (নুরুল হক খান) চরকালেখান ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজ করন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, একটি ইউনিয়নকে আদর্শ হিসেবে গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, মানবিকতা এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় নিয়ে নুরুল হক খান বলেন, এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যেন অবহেলিত না থাকেন, সে বিষয়ে তিনি (নুরুল হক খান) গুরুত্ব দিতে চান। মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাকে তিনি সামাজিক দায়িত্বের অংশ বলে মনে করেন।