ঢাকা শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ ১৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশালের বিগ বাজার মেলায় ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৪৬ এ.এম
বরিশালের বিগ বাজার মেলায় ভোক্তা অধিকারের অভিযান
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে চলমান ‘বিগ বাজার মেলা’য় নিম্নমানের ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় মেলা প্রাঙ্গণের একটি দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​এর আগে বিভিন্ন গণমাধ্যমে মেলাটিতে নিম্নমানের পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। তারই পরিপ্রেক্ষিতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সদর রোডের মেলায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মানহীন ও প্রসাধন সামগ্রী কম দামে বিক্রি করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন। সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম মেলায় হঠাৎ পরিদর্শনে আসেন। 

এ সময় মেলায় অবস্থিত একটি কসমেটিকস স্টলে তল্লাশি চালিয়ে মানহীন ও অবৈধ প্রসাধন সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। ​পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ও অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেলা বা বাজারের নামে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।