ঢাকা বুধবার ১১ নভেম্বর ২০২৬ ২৬ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

​কচুয়ায় বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময়

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.৪৪ পি.এম
​কচুয়ায় বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময়
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ​বাগেরহাটের কচুয়ায় বিগত সিডর, আইলাসহ বিভিন্ন প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারগুলোর পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে। এ লক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী সমিতি ও জাতীয় মৎস্যজীবী পরিবার কচুয়া উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ৪৭টি পরিবার অংশ নেয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিজেদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় মৎস্যজীবী সমিতির কচুয়া উপজেলা আহ্বায়ক মো. মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা ও গোলাম মোস্তফা, এবং সদস্য সচিব আবু বকর মোল্লাসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।

​সভায় বক্তারা বলেন, অতীতে ঘটে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে বহু মৎস্যজীবী পরিবার সর্বস্বান্ত হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক পরিবার এখনো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সরকারিভাবে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানান তারা।