আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনিতে ইএসডিও বাস্তবায়িত রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ডিসেমিনশন অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আ. সালাম। বিশেষ অতিথি ছিলেন, এনফ্যান্টস ডু মন্ডে (ইডিএম)-এর কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন, স্বাস্থ্যকর্মী, স্থানীয় সংবাদকর্মী এবং রিচ প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইডিএম-এর কান্ট্রি ডিরেক্টর স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। রিচ প্রকল্পের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করে প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন ইএসডিও-রিচ প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক।
অনুষ্ঠানে প্রকল্পের এন্ডলাইন সার্ভে ও ইভ্যালুয়েশন ফাইন্ডিংস উপস্থাপনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, উল্লেখযোগ্য অর্জন, উদ্ভাবনী উদ্যোগ, ভালো চর্চা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
বক্তব্যে সিভিল সার্জন জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রিচ প্রকল্পের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণ, পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকেন্দ্র সংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এসব অর্জনের স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাঁর বক্তব্যে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে প্রতাপনগরের মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করতে রিচ প্রকল্পের উদ্যোগকে অভাবনীয় ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকল্পের অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইডিএম-এর কান্ট্রি ডিরেক্টরও প্রকল্পের কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রতিষ্ঠান ও অংশীজনদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে প্রকল্পের অর্জন ও ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
অনুষ্ঠানের রিচ প্রকল্পের আওতায় সরবরাহকৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট লজিস্টিকস সংশ্লিষ্ট সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে ছিল কার্ডিয়াক স্ক্রিনিং যন্ত্র, সিরিঞ্জ পাম্প, শিশুদের পালস অক্সিমিটার, ইএনটি ইন্সট্রুমেন্ট সেট, ডপলার মেশিন, গাইনোকোলজিক্যাল বেডসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।
রিচ প্রকল্পটি আশাশুনি উপজেলায় ইএসডিও-এর মাধ্যমে ইডিএম-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এবং এসডিসি-এর সহায়তায় সিএএলএল কনসোর্টিয়ামের আওতায় পরিচালিত।
