ঢাকা শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ৫ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আইনশৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি- জেলা প্রশাসক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৪৩ পি.এম
আইনশৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি- জেলা প্রশাসক
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : বিগত বছর গুলোতে পূজামণ্ডপকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মো. মোতাকাব্বির আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেই হোক, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, জেলার সব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয় ভূমিকা পালন করছেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লাখ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে, মাগুরা সম্প্রীতি ও শান্তির জনপদ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে মাগুরা শহরের ছানাবাবুর বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত দর্শনার্থী ও সাধারণ মানুষের উদ্দেশে এসব কথা বলেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহধর্মিণী, পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা কিজিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এশিয়ার অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসবকে ঘিরে মাগুরা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটেছে এ উৎসবে।

উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

মাগুরা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি ছোট পরিসরে এ পূজার প্রচলন করেন। সময়ের ব্যবধানে সেই আয়োজন আজ দেশ-বিদেশে পরিচিত বৃহৎ উৎসবে পরিণত হয়েছে।

প্রতিমার বৈচিত্র্য, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা ও বর্ণিল আলোকসজ্জার কারণে এ উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে। ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে কাত্যায়নী পূজাকে ঘিরে পুরো মাগুরাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।