ঢাকা মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০১.০১ পি.এম
দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নেতৃত্বে এলো নতুন পরিবর্তন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ এবার ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়নের ঘোষণা দেওয়া হয়।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা থাকায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাপনায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে তাৎক্ষণিকভাবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে রাজধানীর আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন কৌশল ও কার্যক্রমে গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।