ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৫৭ পি.এম
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : টানা কয়েক দিনের সামরিক উত্তেজনার পর সংঘাত প্রশমনের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ আপাতত একে অপরের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে মূলত কারিগরি পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। আলোচনায় হরমুজ প্রণালিতে নিরাপত্তা, নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং চলমান উত্তেজনা কমানোর বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। আলোচনার সময় উভয় পক্ষই সামরিক হামলা থেকে বিরত থাকবে বলে জানা গেছে।

এর আগে রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হলে ইরানের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি উত্তপ্ত ফ্রন্টেও উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। যদিও সম্প্রতি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। ইরান বলেছে, আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে হলে লেবানন সীমান্তের সংঘাতও বন্ধ হওয়া প্রয়োজন।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর তারা ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান পরিচালনা করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক সংঘাতের কারণে জাহাজ চলাচলও ব্যাহত হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলমান শান্তি উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে পারমাণবিক ইস্যুসহ দুই দেশের বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করাও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।