গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বানারীপাড়া ও ঢাকায় নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক : আধুনিক বাংলা সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর জন্মভূমি বরিশালের বানারীপাড়া ও রাজধানী ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে একুশে পদক প্রাপ্ত গোলাম সারওয়ার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । মৃত্যুর সময় তিনি তার হাতে প্রতিষ্ঠিত দৈনিক সমকালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
গোলাম সারওয়ারের ভাইয়ের ছেলে গোলাম কিবরিয়া সৈকত জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বানারীপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছ। এর মধ্যে রয়েছে দিনব্যাপী কোরআনখানি, বানারীপাড়া উত্তরপাড় বেগম ফজিলাতুন্নেছা এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং বিকেলে তাঁর বাড়ি ‘সিতারা ভবনে’ মিলাদ ও দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে সমকাল পরিবারের পক্ষ থেকে আজ বেলা ১১টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গোলাম সারওয়ারের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হয়েছে। তাঁর উত্তরার বাসভবনেও অনুরূপ দোয়া ও মোনাজাত আয়োজন হয়।
