ঢাকা শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ২৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ভয়াল ১২ নভেম্বর উপকূলীয় জনপদের জন্য এক বিষাদময় দিন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.৩৫ পি.এম
ভয়াল ১২ নভেম্বর উপকূলীয় জনপদের জন্য এক বিষাদময় দিন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : ভয়াল ১২ নভেম্বর। উপকূলীয় জনপদের জন্য এক বিষাদময় দিন। লাখো স্বজন হারানো বেদনার দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসের তাণ্ডবে ১৯টি জেলা বেষ্টিত উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণ হারায় তিন থেকে প্রায় পাঁচ লাখ মানুষ। লাখ লাখ গবাদিপশু, বাড়িঘর ভেসে যায়। মানুষের জীবন ও সম্পদহানি ঘটে ব্যাপকভাবে। ৫৬ বছরেও এই ভয়াল দিনের কথা গোটা উপকূলবাসী ভুলতে পারেনি। 

দিনটি ভুলতে পারেননি পটুয়াখালীর কলাপাড়ার মানুষও। স্বজন হারানো বেদনা এখনও তাঁদেরকে তাড়িয়ে বেড়ায়। এই দিনটিকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবিতে বরাবরের মতো বুধবার (১১ নভেম্বর) রাতে কলাপাড়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন 'আমরা কলাপাড়াবাসী'র আয়োজনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। 


পাশাপাশি দিনকে উপকূল দিবস ঘোষণার দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা উপকূল দিবসের পাশাপাশি উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান। ১২ নভেম্বরকে ঘিরে উপকূলের প্রবীণ মানুষ তাঁদের স্বজন হারানোর স্মৃতিচারণ করেন। গ্রামের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 


ধানখালী ডিগ্রি কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক মোশাররফ হোসেন জানান, ভয়াল ১২ নভেম্বরের রাতে প্রবল ঘুর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে তার দাদিসহ বাড়ির সাত সদস্যকে হারিয়েছেন। এই রাতকে তাঁর কাছে একটি বিভিষীকাময় ক্ষণ হিসেবে পরিচিত। কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির জানান, ওই প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে তিনি তাঁর অধিকাংশ স্বজনকে হারিয়েছেন। নিজে একটি গাছের ডাল আকড়ে ধরে কোনমতে জীবনটা রক্ষা করতে পেরেছেন। ওই দিনকে তারা কোন দিন ভুলতে পারবেন না। এই দিবসকে উপকূল দিবস হিসেবে ঘোষণার পক্ষে তিনি জোরালো দাবি করেন। তিনি জানান, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন উপকূলের মানুষ এই দিনকে ভুলতে পারবে না।