কচুয়ায় ৩ দিন ব্যাপী বাগেরহাট জেলা ইজতেমা শুরু
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়ার কচুয়া কারিগরি কলেজ মাঠে তাবলীগ জামাতের উদ্যোগে ৩ দিন ব্যাপী "বাগেরহাট জেলা ইজতেমা" শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমা উপলক্ষে বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ময়দানে এসে সমবেত হয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে পুরো ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ইজতেমায় দেশি-বিদেশি বিশিষ্ট ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক এবং ইসলামের সুমহান আদর্শের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য ওজু, গোসল, বিশুদ্ধ পানীয় জল ও সাময়িক বাসস্থানের পর্যাপ্ত সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবকরা তৎপর রয়েছেন।
আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই তিন দিন ব্যাপী জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানান।##
