কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন ও তাঁর সহধর্মিণী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিয়া আফরোজের শ্রীপতিপুরস্থ বাড়িতে এ চুরি সংঘটিত হয়। ঘটনার সময় শিক্ষক দম্পতি ও পরিবারের অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না।
চোরেরা ছাদের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করে আলমারি ও আসবাবপত্রের বিভিন্ন স্থানে থাকা মালামাল ঘেঁটে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
শেখ তামিম আজাদ মেরিন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি থেকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০-৮০ হাজার টাকা চুরি হয়েছে। চুরির পর বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও তছনছ অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিনদুপুরে জনবহুল এলাকায় শিক্ষক দম্পতির বাড়িতে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
