আশাশুনিতে চোরাই গাড়ি উদ্ধার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত ও মৌখিক বক্তব্যে আবু জাহিদ সোহাগ বলেন, আশাশুনিতে তার জন্ম ও বেড়ে ওঠা। কলেজ জীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে জুলুম, নির্যাতন, মামলা ও হামলার মধ্য দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। ঐ সময়ে তার বিরুদ্ধে ২৭টি মিথ্যা মামলা দেওয়া হয় এবং ১৩ বার কারাবরণ করতে হয়েছে। এমনকি তিনি ক্রসফায়ারের তালিকাভুক্ত ছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায়ও তার নাম ছিল বলে দাবি করে তিনি আরও বলেন, আসন্ন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছে। এরই অংশ হিসাবে সম্প্রতি একটি চোরাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন ও পত্রপত্রিকায় তার মৎস্য ঘের থেকে উদ্ধারের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি। গাড়ি চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকেও আটক করেছে। গাড়ি উদ্ধারের জব্দ তালিকায় ঘটনাস্থল বাউসুলি গ্রামে খোকন সরদারের বাড়ির পাশ খালি জায়গা থেকে উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। তিনি জানান, গাড়িটি বাউসুলি গ্রামের আব্দুল মালেকের ছেলে ইলিয়াছ ক্রয় করেছিলেন। তিনি নিজে এবং আরও অনেকে গাড়িটি ভাড়ায় চালাতেন। গাড়িটি তার মাছের ঘের থেকে উদ্ধার হয়েছে বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলেন, গাড়ি উদ্ধারে আসা পুলিশ দল তার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ছোট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান ও সাদিক আনোয়ার ছোট বক্তব্য রাখেন এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানান।
