কবি মুস্তফা হাবীব এর কবিতা " নাটাই ও নটরাজ"
নাটাই ও নটরাজ
মুস্তফা হাবীব
কবি মুস্তফা হাবীব এর কবিতা " নাটাই ও নটরাজ"
শুধু কি কয়েকজন!
স্বৈরাচার - স্বৈরিণীর নিকৃষ্ট নৈপুণ্য দেখে
বাংলার মুক্তিকামী কোটি জনতা, ছাত্র ছাত্রী ও
নাবালক শিশুরা ক্ষেপেছিলো চব্বিশের জুলাইয়ে ;
বৈষম্য নিরসনে বুলেট নিয়েছিল বুক পেতে।
সময়ের দাবী, জনসমুদ্রের উত্তাল স্রোতে
ভেসেছিল ফার্মগেট,খামারবাড়ি, তেজগাঁও
আগুনজল নিয়ন্ত্রিত লাল খয়েরি অনন্য প্রাসাদ,
আমিও ঝড়ের বেগে ছেড়ে আসি বাংলার ভেনিস।
অগ্রভাগে তোমরা যে কজন সমন্বয়ক ছিলে
বৈষম্যের গিয়ার বাড়িয়ে লুফে নিয়েছো রাষ্ট্রসুবিধা
জুলাইয়ের অপূর্ব বিজয়কে কাজে লাগিয়ে
অদূর ভবিষ্যতে সিংহাসন পেতে গড়েছো ভিন্ন প্লাটফর্ম ,
জনপ্রতিনিধি সেজে ভাগ করে খাচ্ছো মাটির ফসল।
মানুষ তো নতুন জঙ্গীর উত্থান চায়নি,
চায়নি নতুন মোড়কে অশ্লীল কথা ও ঘৃণার রাজনীতি,
চেয়েছে বৈষম্যমুক্ত সুষম সমাজ ব্যবস্থা,স্বাধীন স্বদেশ,
আর তোমরা চেয়েছো রাষ্ট্রঘুড়ির নাটাই।
মনে রেখো শিয়ালচতুর দুর্বৃত্ত নটরাজ
কোনো কারিশমায় দেশের মানুষ নামবেনা রাজপথে
মানুষ বুঝে গেছে নোংরা চাতুর্য্ ,মিথ্যেে দাবার চাল ;
তাইতো বাতাসে পাবেনা বিশুদ্ধ অক্সিজেন
দপ করে তোমরা শিগ্রই নিভে যাবে।
