কচুয়ায় গোয়ালঘর ভেঙে ৭ গরু চুরি, এলাকায় আতঙ্ক
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চরফুলতলা গ্রামে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোয়ালঘর ভেঙে ৪টি গাভীসহ মোট ৭টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহস্থ গত রবিবার (২৬ অক্টোবর) কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত খামারি শেখ ওমর ফারুক জানান, ঘটনার রাতে আনুমানিক রাত ৩টার দিকে ঘুম ভেঙে গোয়ালঘরের দিকে যান তিনি। গিয়ে দেখেন গোয়ালঘরের বেড়া ভাঙা এবং ঘরটি সম্পূর্ণ ফাঁকা। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে ডেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোথাও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, তার গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৪টি গাভী, ২টি এড়ে গরু এবং ১টি বকনা বাছুর ছিল। আকস্মিক এই বড় চুরির ঘটনায় তিনি ও তার পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার পুলিশ জানায়, গরুর মালিকের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং এর সঙ্গে জড়িত চোর চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, লোকালয়ে এমন বড় চুরির ঘটনায় চরফুলতলা গ্রামসহ আশেপাশের এলাকার খামারি ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
