ঢাকা সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় চাঁদার দাবিতে যুবদল নেতার হামলার শিকার , থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৬ পি.এম
আগৈলঝাড়ায় চাঁদার দাবিতে যুবদল নেতার হামলার শিকার , থানায় লিখিত অভিযোগ
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় চাঁদার দাবি ও টাকা ছিনতাইকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানায় লিখিত অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলা পরিষদের পশ্চিম পাশে সমিরের দোকানের সামনে বালু ব্যবসার বিরোধ নিয়ে মনির মোল্লাসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তাদের মারধর করে নগদ তিন লাখ টাকা ও স্বর্নের আংটি ছিনিয়ে নেয়।

আহত মনির মোল্লা উপজেলার পশ্চিম সুজনকাটি গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে এবং তিনি আগৈলঝাড়া উপজেলা সাবেক যুবদল নেতা। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হামলায় আহত অন্য দুই যুবদল নেতা মহসিন মোল্লা ও খাজা বেপারী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সামনে বালুর ব্যবসার হিসাব রাখার সময় প্রায় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন শুভ তালুকদার, সাদ্দাম, বাবু, নাঈম ও নাদিমসহ একদল দুর্বৃত্তরা। তারা চাঁদার দাবিতে প্রথমে মহসিন মোল্লা ও খাজা বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাদের বাঁচাতে এগিয়ে এলে যুবদল নেতা মনির মোল্লার ওপরও হামলা চালানো হয় এবং তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা দোকান থেকে নগদ ৩ লাখ টাকা ও স্বর্নের আংটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা মনির মোল্লা অভিযোগ করে জানান, হামলাকারীরা চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। 

অভিযুক্ত শুভ তালুকদারের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এঘটনায় যুবদল নেতা মনির মোল্লার ভাই আনোয়ার মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।