আগৈলঝাড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
সাজিদ রহমান, বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি উপজেলার সেরাল গ্রামের জনগনের মাঝে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে মিছিলে অংশগ্রহণ করেন। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
