বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাউলীতে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মাউলী গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী, আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় মাউলী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও সভায় স্থানীয় মানুষের প্রশংসনীয় উপস্থিতি ছিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী।
মোঃ জাহাঙ্গীর আলম লেন্টুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মাউলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম ইয়ার আলী, নড়াগাতী থানা ছাত্রদলের সদস্য সচিব মাফিজুর রহমান মামুন, মাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাসিবুর রহমান এবং নড়াগাতী থানা বিএনপির সদস্য এস এম এ বাশার।
এ ছাড়া বক্তব্য রাখেন মাউলী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইখতিয়ার মল্লিক ও জামায়াত নেতা মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ হোসেন আলী মাদক ও অপরাধ দমনে পুলিশের অবস্থান তুলে ধরেন। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে। মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
