আশাশুনি-বড়দল সংযোগ সড়ক যেন এক মৃত্যুফাঁদ
★ চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ, দ্রুত সংস্কারের আকুল আবেদন।
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ও খাজরা ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের প্রতিদিনের যাতায়াতের প্রধান ও একমাত্র লাইফলাইন এই মহাসড়কটি।
আশাশুনি ব্রিজ ও বড়দল ব্রিজ পার হয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। এমনকি পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার মানুষও বড়দল ও আশাশুনি ব্রিজ হয়ে অত্যন্ত সহজে সাতক্ষীরায় যাতায়াত করতে পারেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা মারাত্মকভাবে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বিশেষ করে আশাশুনি ব্রিজ থেকে নেমে বড়দল ইউনিয়নের জামালনগর চক্ষু হাসপাতাল মোড় থেকে শুরু করে সরাসরি বড়দল ব্রিজ পর্যন্ত পুরো রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়।
এই জরাজীর্ণ রাস্তা দিয়েই প্রতিদিন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, ৪৯ নম্বর ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলসহ বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রী চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
রাস্তাটির বর্তমান অবস্থার বর্ণনা দিয়ে স্থানীয় পথচারীরা জানান, এই সড়ক দিয়ে এখন আর কোনো যানবাহনে স্বস্তিতে চলাচল করা সম্ভব নয়। সামান্য গাড়িতে উঠলেই ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে কোমর বা পিঠে ব্যথা থাকা রোগীরা এই রাস্তা দিয়ে চলাচলের কথা শুনলে আতঙ্কে শিউরে ওঠেন। কর্মমুখী হাজারো মানুষ প্রতিদিন সময়মতো কর্মস্থলে পৌঁছাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে, বেহাল দশার কারণে যানবাহন চালকরাও প্রতিনিয়ত আর্থিক ক্ষতি ও চরম দুশ্চিন্তার মধ্যে গাড়ি চালাচ্ছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীদের এখন একটাই প্রাণের দাবি—সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই রাস্তাটি মেরামতের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেয় এবং একটি টেকসই ও সুন্দর রাস্তা নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী এবং আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে বিনীত ও আকুল আবেদন জানানো হয়েছে, যেন জনদুর্ভোগের এই চিত্রটি আমলে নিয়ে দ্রুত রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
