কালিগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কালিগঞ্জ সাতক্ষীরা এর আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। " করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার( ৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি বাইর হয়। র্যালিটি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা অডিটরিয়ামের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দর রউফ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান, কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, বন্ধন সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা সাংবাদিক ও বিভিন্ন সমবায় সমিতি সংগঠনের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে অনুষ্ঠানে ৭ জন শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ও দুটি সংগঠনকে চেক প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
