জনগণের সেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যহীন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে শরিয়াতপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষানুরাগী সমাজসেবক ও সিড্যা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মুজিবুর রহমান বলেন, ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবো।
এছাড়াও ৩ নং ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সবার সহযোগিতায় একটি সুন্দর ও বাসযোগ্য সিড্যা গ্রাম গড়ে তোলার প্রত্যাশা তাঁর।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সহজে জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে পারেন, সে বিষয়ে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।
মুজিবুর রহমান বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি ৩ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
