কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক, বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্ত হয়ে শহিদ জিয়া ক্ষয়িষ্ণু ও সংকটাপন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। শহিদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব ও আদর্শ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। প্রেরণা জোগায় অধিকার আদায়ের আন্দোলন- সংগ্রামের। রোববার বেলা ১২টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। গণতন্ত্রকে সমুন্নত রেখে সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। ষড়যন্ত্র ছিলো, আছে, থাকবে। কোনো ষড়যন্ত্র ও অপশক্তি গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ইউপি নির্বাচনে সকল ইউনিয়নে জয়লাভ করার জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মানুষের সাথে মিশে তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে জয়লাভ করে নিজেদের অবস্থানকে আরও সমুন্নত করুন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও রবিউল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এসএম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ইব্রাহিম হোসেন, মাহফুজার রহমান খান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদলের নেতা সালাউদ্দিন পারভেজ, রুহুল আমিন খোকন, আবু রায়হান, শফিউল আলম শফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা আবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি কলারোয়া পৌরশহর প্রদক্ষিণ করে।
