কলারোয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : ‘সমবায়ে সমৃদ্ধি, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দিবসের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র্যালি।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।
বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই সমাজ গঠনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানে সফল পাঁচ সমবায়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক। এর আগে দিবসের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য এক সমবায় র্যালি বের করা হয়।
