ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.০৯ পি.এম
কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচরে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে হত্যার ঘটনায় মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে রক্তের নমুনা এবং হামলায় ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে এসব আলামতসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

কারা এই হামলার সঙ্গে জড়িত, কী কারণে হত্যাকাণ্ড এবং এর নেপথ্যে কোনো পরিকল্পনা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।