মহানন্দে খাসিয়ারা উদযাপন করলো ‘খাসি সেং কুটস্নেম’ বর্ষ বিদায় উৎসব
মৌলভীবাজার প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও নাচে-গানে ও সাজ-সাজরবে ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ বর্ষ বিদায় উৎসব উদযাপন করেছে খাসিয়া সম্প্রদায়। ‘খাসি সোশ্যাল কাউন্সিল’-এর আয়োজনে সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান হয়। খাসিয়া ভাষায় বর্ষ বিদায়কে ‘খাসি সেং কুটস্নেম’ বলা হয়।
সিলেট অঞ্চলের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির প্রতিনিধিরা এই সার্বজনীন উৎসবে অংশ নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে পুঞ্জি প্রধানদের এবং আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিদের খাসিয়া ভাষায় লিখিত বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার, কমলগঞ্জ থানার ওসি মো. শফিকুর রহমান এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং। খাসিয়া সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দেশি-বিদেশি পর্যটকরা এ উৎসব উপভোগ করেন।
মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটির ওপর নারিকেল পাতার ছাউনি দিয়ে প্রাকৃতিক পরিবেশে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে খাসিয়ারা ঐতিহ্যবাহী পোশাক পরে আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। নৃত্যের মাধ্যমে তুলে ধরেন জুম চাষসহ তাদের জীবন-জীবিকার নানা দিক। এ ছাড়া ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা ও খাবারের আয়োজন।
সকাল থেকেই মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর-ধনুক এবং বাঁশ-বেতের তৈরি নানা পণ্য সাজিয়ে রাখা হয়। খাসিয়া তরুণ প্রজন্মের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে খাসিয়াদের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
খাসি সোশ্যাল কাউন্সিলের সদস্য ও পাত্রখোলা পুঞ্জির মান্ত্রি প্রিচিংলী সুংঙ সুচিয়াং বলেন, ব্রিটিশ শাসনামল থেকেই ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয় এবং ২৪ নভেম্বর থেকে নতুন বর্ষ গণনা শুরু হয়। খাসি পুঞ্জিকা অনুযায়ী আজ ১২৭তম বর্ষ শেষ হচ্ছে, আগামীকাল থেকে নতুন বর্ষ ১২৮ তম শুরু হবে।
বাংলাদেশে ২০০৯ সাল থেকে এ উৎসব শুরু হয়েছে, এবং তা ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। তিনি এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সরঞ্জাম সংরক্ষণের জন্য একটি রিসোর্ট সেন্টার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।
