কুয়াকাটায় পরিত্যক্ত গাড়িতে আগুন
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে কুয়াকাটা চৌরাস্তার হোটেল আল-বেলালের সামনে ঘটনাটি ঘটে। এতে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পার্কিং করে রাখা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় শেষ পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির মালিক ও পর্যটক গাইড মো. ইমরান বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। বিভিন্ন সময়ে এক ব্যক্তি রাতে গাড়িটির ভেতরে ঘুমাতেন। তাঁর দাবি, এটি দুর্ঘটনা কিংবা ওই ব্যক্তির কারণে ঘটলে আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
