ঢাকা শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ১৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাদক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.২৪ পি.এম
মাদক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে :  দুলাল
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি সুখী সমৃদ্ধ আধুনিক এবং উন্নত খাঞ্জাপুর ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার করেছেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শওকত হাসান দুলাল।

শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম বয়সা গ্রামের মরহুম আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়িতে ‘খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে শওকত হাসান দুলালের সমর্থনে সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ মরহুম মো. আলাউদ্দিন মিয়ার ভাইয়ের ছেলে এবং সাবেক চেয়ারম্যান মরহুম মো. আকন সিদ্দিকুর রহমানের মামাতো ভাই আলহাজ শওকত হাসান দুলালের সমর্থনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. জবেদ আলী গাজী।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবক মো. আজিজুল হক। বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শওকত হাসান দুলাল, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ হাওলাদার, ইঞ্জিনিয়ার মোস্তাক আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মিয়ার একমাত্র ছেলে আসিফ মাহমুদ নিসু, মো. রায়হান মিয়াসহ অন্যান্যরা।

বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, সামাজিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হাসান দুলালের প্রতি সমর্থন জানিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার মো. মোমিনুল হক মানিক খান।

মতবিনিময় সভায় খাঞ্জাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।