প্রয়াত সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ৪৯তম জন্মদিন
সাজিদ রহমান, বিশেষ প্রতিনিধি : ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে ২৭ নভেম্বর। আজ বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক বণিক বার্তার সাবেক বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইনের ৪৯তম জন্মদিন।
অথচ এবারের জন্মদিনে নেই তাঁর চিরচেনা উপস্থিতি, নেই পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মুহুর্ত। মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে গত ২২ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।
তাঁর জন্মদিনে স্মৃতির পাতায় ফিরে আসছেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় এই সাংবাদিক।
১৯৭৭ সালের ২৭ নভেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এম. মিরাজ হোসাইন।
সাংবাদিকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত জীবনে জাতীয় দৈনিক বণিক বার্তার বরিশাল প্রতিনিধি হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জাতীয় দৈনিক ভোরের ডাক, বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজে তিনি সুনামের সাথে কাজ করেছেন।
পাশাপাশি স্থানীয় দৈনিক শাহনামা, দক্ষিণাঞ্চল, আজকের বার্তা, বরিশাল প্রতিদিন, বরিশাল বার্তা ও দখিনের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে গ্রামীণ সাংবাদিকতায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মর্ণ পদক অর্জন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বরিশাল অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও নানা গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরে এম মিরাজ হোসাইন নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন।
মেহেন্দিগঞ্জে জন্ম হলেও কর্মজীবনের তার দীর্ঘ সময় কেটেছে বরিশাল শহরে। মৃত্যুর আগ পর্যন্ত শহরের নিজ বাড়িতেই বসবাস করতেন তিনি।
সহকর্মী ও পরিচিতজনদের কাছে এম. মিরাজ হোসাইন ছিলেন দায়িত্বশীল, পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক।
তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিকতা অঙ্গনে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই ছেলে, বাবা ও ছোট ভাইসহ অসংখ্য স্বজন রেখে গেছেন তিনি।
তাঁর বড় ছেলে মাহিমুল হাসান এমদাদ বর্তমানে পড়াশোনার পাশাপাশি বাবার কর্মস্থল দৈনিক বণিক বার্তায় শিক্ষানবিশ বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাবার দেখানো পথ ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়া যেন প্রয়াত বাবার স্মৃতি ও পেশাগত উত্তরাধিকারকে বয়ে নিয়ে চলারই এক আবেগঘন অধ্যায়।
এবারের জন্মদিনে পরিবারের সদস্যদের মনে আনন্দের চেয়ে বেদনার অনুভূতিই বেশি। যে মানুষটির জন্মদিন ঘিরে একসময় বাড়িতে আনন্দের আবহ তৈরি হতো, আজ তাঁর অনুপস্থিতিতে সেই দিনটিই হয়ে উঠেছে স্মৃতিচারণ আর চোখের জলে ভেজা এক বিষাদময় দিন।
জন্মদিনে প্রয়াত সাংবাদিক এম. মিরাজ হোসাইনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
