ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিতে পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৪৭ পি.এম
আশাশুনিতে বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিতে পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিয়ে অন্য ভাই-বোনদের বঞ্চিত করার পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার ছেলে আব্দুল জলিল সানার পক্ষে সাইফুল্লাহ শাহীন। 

লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা মোংলাই সানার বয়স ৮৪ বছর। বয়সের ভারে তিনি স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি হারিয়ে অনেকটা শিশুসুলভ আচরণ করেন। এ সুযোগ কাজে লাগিয়ে তার ভাইদের মধ্যে আব্দুর রশিদ, আব্দুল মাজিদ ও মৃত খলিলুর রহমানের ছেলে সেনাসদস্য বিলাল হোসেন বৃদ্ধ পিতার কাছ থেকে জমি লিখে নেওয়ার পাঁয়তারা করছেন। গত ২২ নভেম্বর রবিবার ছলচাতুরির মাধ্যমে তার সহজ-সরল বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে আশাশুনি সদরে নিয়ে যাওয়া হয়। পরে খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজার জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখার সেরেস্তায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। খবর পেয়ে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জলিল সানা বলেন, তার পিতাকে লুকিয়ে রাখার বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। গত রোববার থেকে তাকে (জলিল)  নিজের বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। ফলে তিনি বাড়ির বাইরে বাইরে দিন কাটাচ্ছেন। প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখকের কাছে লেখার কাজও সম্পন্ন করে রাখা হয়েছে বলে তিনি দাবি করে বলেন, তার পিতার সম্পত্তি থেকে তিনি ও তার তিন বোন যেন বঞ্চিত না হয় এবং বৃদ্ধ পিতার সরলতার সুযোগ নিয়ে কেউ যেন সম্পত্তি আত্মসাৎ করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। এসময় তার দুই বোন শাহানারা খাতুন ও জাহানারা খাতুন উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা তাদের পিতাকে লুকিয়ে রাখা, বাড়িতে উঠতে না দেওয়া এবং প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার প্রস্তুতির রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।