নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় জাসাস নেতা সোহেল মোল্যাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), নড়াইল জেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নড়াইল শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
ভার্সুয়ালে বক্তব্য রাখেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সমাবেশে বক্তব্য রাখেন জাসাস নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ উজ্জ্বল খান,সদস্য সচিব মাসুদ রানা,যুগ্ম আহবায়ক মোঃ হান্নান,যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান, সদস্য সাজ্জাদ আলম খান সজল ও জেলার নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান,নড়াইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন গাজী ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কালিয়া উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে জাসাস নেতা সোহেল মোল্যাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
