নড়াগাতীতে ইমদাদ হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান চুন্নু গ্রেপ্তার
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়ায় চাঞ্চল্যকর ইমদাদ হত্যা মামলার পলাতক প্রধান আসামি ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম চুন্নুকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এস এম চুন্নু ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে।
নড়াগাতী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমদাদ হত্যা মামলার প্রধান আসামি এস এম চুন্নুকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, নড়াগাতী থানার যোগানিয়ায় ইমদাদ হত্যা মামলায় এস এম চুন্নু প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
