আলোচিত মামলায় আগৈলঝাড়ার দুই সাংবাদিক নেতার আগাম জামিন
বরিশাল প্রতিনিধি : আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় নাটকীয়ভাবে স্থানীয় দুইজন সাংবাদিক নেতাকে এজাহারভূক্ত আসামি করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পালিয়ে বেড়ানো আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশালের ব্যুরো প্রধান এফএম নাজমুল রিপনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন সুপ্রীম কোটের হাইকোর্ট বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. সালিম ও বিচারপতি আসিফ হাসানের যৌথ বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে ওই দুইজন সাংবাদিককে বরিশাল বিজ্ঞ জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আসামি পক্ষের আইনজীবী সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে হয়রানীর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে ওই দুইজন সাংবাদিক নেতাকে মামলায় জড়ানোর প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবে প্রতিবাদ সভাসহ দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফরের আহবানে সাংবাদিক নেতারা তীব্র প্রতিবাদ করেন। এমনকি বিভাগীয় শহর বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা মামলা থেকে দুই সাংবাদিকের নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
জানা গেছে, আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই/তিনশ' জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয় একাধিক সাংবাদিকরা জানিয়েছেন, মামলায় অভিযুক্ত ওই দুইজন পেশাদার সাংবাদিক কেবল সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপূর্বে থানার ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরধরে হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ভাবে ওই দুইজন সাংবাদিককে মামলায় আসামি করা হয়েছে।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি সময়ে মাদকসহ চার জনকে আটক করে পুলিশ টাকার বিনিময়ে তিনজনকে ছেড়ে দিয়ে একজনকে আদালতে সোপর্দ করেন। এ সংবাদ যুগান্তরসহ ৪/৫টি দৈনিক পত্রিকায় ও নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এতে থানার ওসি আমার ওপর ক্ষিপ্ত হয়ে এক বিএনপি নেতাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় জিডি দায়ের করিয়েছেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে হয়রানির উদ্দেশ্যে ওসি আমাকে ওই মামলায় জড়িয়ে আদালতে চার্জশীট দিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন বলেন, সম্প্রতি মাদকসহ প্রকাশিত কয়েকটি সংবাদের জের ধরে তিনজন মাদক বিক্রেতাসহ পাঁচজন ব্যক্তিকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় পাঁচটি জিডি করানো হয়েছে। থানায় হামলার ঘটনায় আমরা প্রশাসনের পাশে থেকে নিউজ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছি। তারপরেও আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে চার্জশীট দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, এ মামলার এজাহারভূক্ত সকল আসামি ও ভিডিও ফুটেজ দেখে আরও ১৭ জনকে শনাক্ত করে মোট ৬০ জনের বিরুদ্ধে গত ২৭ আগস্ট বরিশাল আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই দিবাগত রাতে একটি মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে ফুলশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশ। থানা হাজতে দেয়ালের সাথে রিয়াজ নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরেরদিন রিয়াজ ফকির পুলিশের নির্যাতনে মারা গেছেন এমন গুজব এলাকায় ছড়িয়ে পরলে আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মিছিল নিয়ে থানায় প্রবেশ করেন। এ সময় হামলা, ভাঙচুর এবং কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।
