জ্ঞানের আলো ছড়াচ্ছেন পিরোজপুরের ধীরেন, ৩০ হাজার বইয়ের সংগ্রাহক তিনি
সাজিদ রহমান, বিশেষ প্রতিনিধি : একটি লাইব্রেরি থাকা মানে একটি পৃথিবী থাকা। এই কথাটিকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার।
তিনি একজন বইপ্রেমী ব্যক্তি। বইয়ের প্রতি তার রয়েছে গভীর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই সাজিয়ে গড়ে তুলেছেন পিতা মাতার নামে "গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগার"। সেখানে রয়েছে প্রায় ৩০ হাজার বই।
পুরোনো বই সংগ্রহ করে পাঠাগারে রাখা আবার সেই বই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেন তিনি। নিজেও প্রচুর বই পড়তেন এবং অন্যকেও বই পড়তে উৎসাহ দিতেন। বই পড়ার ম্যাজিক ম্যান’ নামে পরিচিত স্থানীয়দের কাছে তিনি।
তার সংগ্রহে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, নাটক, ধর্মীয় গ্রন্থ, শিশুতোষ বইসহ নানা ধরনের বই। শুধু বই সংগ্রহ করেই থেমে থাকেননি তিনি, সেগুলো পাঠকের হাতে পৌঁছে দিতে চালিয়ে যাচ্ছেন নিরন্তর প্রচেষ্টা। এলাকার শিক্ষার্থী, শিক্ষক, তরুণসহ বিভিন্ন বয়সের লোকজন তার প্রতিষ্ঠিত পাঠাগারটিতে বই পড়তে আসেন।
ধীরেন হালদার দরিদ্র পরিবারের সন্তানদের হাতে বই তুলে দিতে প্রতিবছরই উদ্যোগ নেন। তিনি বাড়িতে বাড়িতে যেয়ে বই সংগ্রহ করতেন। তিনি একজন সংগঠকও। নিজ গ্রামে প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত ‘অরণি গ্রন্থাগার’-এর সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার। দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন তিনি। আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষে ২০১৭ সালে অবসরে যান। অবসর তাঁর জ্ঞান বিতরণের পথ থামাতে পারেনি। বর্তমানে ‘আদর্শ শিশু বিদ্যালয়’-এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।
ধীরেন হালদার বলেন, ‘দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। জ্ঞান আহরণ ও বিতরণের চেষ্টা করেছি। বই পড়ার মধ্যেই সর্বদা নিজেকে নিমগ্ন রেখেছি। আমি বিশ্বাস করি, 'জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরও বেড়ে যায়। তাই বই পড়ার কোনো বিকল্প নেই।’
আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, একটি পাঠাগার থাকা মানে একটি পৃথিবী থাকা। এই পাঠাগারে বিচিত্র ধরনের বই রয়েছে। এলাকার মানুষ এখান থেকে বই নিয়ে পড়াশোনা করছেন এবং জ্ঞান অর্জন করছেন।
তিনি আরো বলেন ‘ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তাঁর ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করতেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে বইপিপাসু শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। বই পড়া এবং বই বিতরণ তাঁর নেশায় পরিণত হয়েছে।’
বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আসক্তি যখন দিন দিন বাড়ছে, তখন ব্যক্তিগত উদ্যোগে এমন একটি গড়ে তোলা ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, ধীরেন হালদারের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
