ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ১২.৩৪ পি.এম
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে মো. জুয়েল (২৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকায় শাহ হাবিব আলীম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মধ্যে সংঘর্ষ হয়।

নিহত মো. জুয়েল পূর্বাশা পরিবহনের সুপারভাইজার । তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দা বোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হয়। পরে চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি মহাসড়কের ওপর পার্ক করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ওসি জানান, সংঘর্ষের সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারে বসে ছিলেন। ধাক্কার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নিয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।