কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক সার ব্যবসায়ীকে জরিমানা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লঙ্ঘনের দায়ে মো. রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালিগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন-২০০৬-এর ১৭ ধারার ৩ উপধারা লঙ্ঘনের দায়ে মো. রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানা প্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার কাটুনিয়া এলাকার মো. রুস্তম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি উপকরণ হিসেবে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের কাছে সারের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন ও কালিগঞ্জ থানা পুলিশের সদস্যরা ।
