ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কমলগঞ্জের হামহাম ঝর্ণা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৪.২২ পি.এম
কমলগঞ্জের হামহাম ঝর্ণা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
www.dailyranggaprovat.com

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র হামহাম ঝর্ণার দুর্গম সিতাপ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দুর্গম ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়। সরকারি বন বিভাগ, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় চা-বাগানের  ম্যানেজার রাহেল রানা এবং স্থানীয় এলাকাবাসী উদ্ধারকারী দলকে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অত্যন্ত দুর্গম এলাকা থেকে অজ্ঞাত লাশটি সফলভাবে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান সংশ্লিষ্টরা জানান, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকজন মাছ শিকারী নদীতে মাছ ধরতে গেলে হামহাম পর্যটন এলাকার মোকাম টিলার সিতাপের পানিতে একটি লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি পানির তীব্র স্রোতে লাশটি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভেসে এসে সিতাপ এলাকায় আটকে থাকতে পারে। তবে লাশটি কোথা থেকে এসেছে বা নিহত ব্যক্তির পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় লাশ উদ্ধারে বেশ বেগ পেতে হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।