কচুয়ায় সাড়ম্বরে জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কচুয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব আর.জি মনা।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হংসপতি সিকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাবেক আহ্বায়ক নিরাময় ইন্দু হালদারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। দিনটিতে প্রয়াত নারায়ণ চন্দ্র বাওয়ালীর সন্তান মুকেশ চন্দ্র বাওলী অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
আলোচনা সভা শেষে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতে মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
আলোচকগণ তাঁদের বক্তব্যে শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।##
