ঢাকা রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.১৫ পি.এম
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যাতায়াতসহ সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন।

ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এ সময় খানকাপাড়া সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন জানান, অর্থাভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং অপারেশনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।