ঢাকা রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উদযাপন

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৮.১২ এ.এম
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উদযাপন
www.dailyranggaprovat.com

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহতী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এ আয়োজন করা হয়।

বাগীশিক রাউজান সংসদের সভাপতি ও সংগঠক বিটু কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সহসভাপতি লিটন মহাজন (লিটু), রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন এবং ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া মেম্বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, রাউজান উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ ও সুদীপ দে।

প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী।

গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতানুরাগী ডা. শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। সহ-বিচারক ছিলেন বাগীশিক রাউজান উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু এবং বাগীশিক রাউজান উপজেলা সংসদের ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন সংসদের সভাপতি বিজয় বিশ্বাস।

আয়োজকরা জানান, রাউজানের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মেধা ও প্রতিভার ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্ত, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে রাতে সংলাপ থিয়েটারের নির্দেশনায় এবং গঙ্গা মন্দিরের সার্বিক সহযোগিতায় ‘কৃষ্ণহারা বৃন্দাবন’ নাটক মঞ্চস্থ হয়। ধর্মীয় আবহে নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।