ঢাকা রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৩.২২ পি.এম
দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক গৌরনদী পৌরসভার একমাত্র জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ১.২৫ কিলোমিটার সড়কের অধিকাংশস্থানের কার্পেটিং উঠে গিয়ে কাঁদা মাটির রাস্তায় পরিনত হয়েছে। ফলে এ সড়কের ওপর নির্ভরশীল প্রায় পাঁচটি গ্রামের শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা যাওয়াসহ ওইসব এলাকার বাসিন্দাদের উপজেলা হাসপাতালসহ মহাসড়কে আসতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই অবস্থায় রয়েছে-উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সড়ক দুটি বেহাল দশায় পরে থাকলেও তা সংস্কার বা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। যেকারণে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সড়কে কাঁদা-পানি জমে থাকায় সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পরেছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

সড়ক দুইটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে উভয় এলাকার ভূক্তভোগীরা প্রতীকী প্রতিবাদের অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। সড়ক দুটিতে জমে থাকা কাঁদামাটিতে ধানের চারা রোপণ করে এলাকাবাসী তৈরি করেছেন একটি ভিডিও। প্রতীকীভাবে সড়কে ধানের চারা রোপণের মাধ্যমে ভূক্তভোগীরা বোঝাতে চেয়েছেন, চলাচলের সড়ক দুইটি এখন আর রাস্তার মতো নেই, বরং তা এখন ধানক্ষেতে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, আমরা কারও বিরুদ্ধে নয়, সমস্যাটির দ্রুত সমাধান চাই। সড়ক দুইটি দ্রুত সংস্কার হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে দ্রুত সড়ক দুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছি।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃষ্টি কমার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরজেমিন পরিদর্শনে পাঠানো হবে। পরবর্তীতে তাদের রির্পোটের ভিত্তিত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।